খান আরশাদ, বীরভূম:
খিচুড়ি ও কচ্ছপের মাংস খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় অসুস্থ আরো কয়েকজন।
ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার বড়রা পঞ্চায়েতের বিনোদপুর গ্রামে। মৃতের নাম স্বাধীন বাগদি। বয়স (৪৯) । জানা গিয়েছে গত মঙ্গলবার রাত্রে বিনোদপুর গ্রামের বাগদি পাড়ার স্বাধীন বাগদির পরিবার কচ্ছপের মাংস রান্না করে খিচুড়ির সাথে খেয়েছিলেন। এরপরই তারা অসুস্থ হতে থাকেন। প্রত্যেকের বমি পায়খানা শুরু হয়। স্বাধীন বাগদি ও তার স্ত্রী মটরা বাগদি, পটা বাগদি, ভুবন বাগদি সহ পরিবারের ছয় জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল ও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাধীন বাগদির অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান রেফার করা হয় এবং শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। বাকি অসুস্থদের শারীরিক অবস্থার আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
কচ্ছপের মাংস ও খিচুড়ি খাবার জন্যই ! নাকি অন্য কোন কারণে এই বিষক্রিয়ার ঘটনা, তা তদন্ত করছে প্রশাসন।
গ্রামের আর কেউ কচ্ছপের মাংস ও খিচুড়ি খেয়েছে কিনা তারও খোঁজ নেওয়া হচ্ছে।
মৃত স্বাধীন বাগদির শারীরিক অন্যান্য আরো সমস্যা ছিল বলে জানা গেছে।
নতুন গতি 





















