নুরউদ্দিন:ডায়মন্ড হারবার:নিজে প্রার্থী হয়েও অন্য প্রার্থীর প্রচারে নামলেন সামিম আহমেদ। নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে ডায়মন্ড হারবারে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিশেষ চর্চা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে এক বিশাল বাইক মিছিলে অংশ নিলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ডায়মন্ড হারবারের অবজারভার সামিম আহমেদ। শনিবার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের মোহনপুর এলাকা থেকে শুরু হয় এই মিছিল, যেখানে হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি চোখে পড়ার মতো।
মিছিলটি মোহনপুর থেকে শুরু করে বসন্তপুর, পারুলিয়া, হরিণডাঙ্গা, কালিকাপুর সহ একাধিক এলাকা পরিক্রমা করে। পথে পথে সাধারণ মানুষের উৎসাহ এবং সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। নির্বাচনের আগে এমন শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের সংগঠনগত জোরকেই সামনে আনছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখযোগ্য বিষয় হল, সামিম আহমেদ নিজে একজন প্রার্থী হওয়া সত্ত্বেও অন্য কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সরাসরি রাস্তায় নেমে প্রচার করছেন। এর আগেও ডায়মন্ড হারবার প্রার্থীর সমর্থনে তিনি বহুবার প্রচারে নেমেছেন।
একদিকে তিনি নিজের কেন্দ্র মগরাহাট পশ্চিমে নিয়মিত প্রচার চালাচ্ছেন, অন্যদিকে দলের স্বার্থে ডায়মন্ড হারবারেও সমানভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছেন।
আগামী ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল মিছিল ও জনসংযোগে জোর দিচ্ছে। তবে একজন প্রার্থী হয়ে অন্য প্রার্থীর সমর্থনে এইভাবে মাঠে নামা বিরল বলেই মনে করছেন অনেকেই। এতে দলের অভ্যন্তরীণ ঐক্য ও সমন্বয়ের বার্তা স্পষ্ট হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
নতুন গতি 


















