আনজুম মুনির, বীরভূম: মাড়গ্রামে গভীর রাতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। ইতিমধ্যেই বাড়ির মালিক সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের দিকে মাড়গ্রামের ধুলফেলা মোড় এলাকায় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে জানা যায়, একটি বাড়িতে মজুদ করে রাখা পুরোনো বোমা সরানোর সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে থাকা ৪ জন গুরুতর জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, যে বাড়িতে বিস্ফোরণ ঘটে সেই বাড়ির মালিক ডালু শেখ, যিনি পেশায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার। অভিযোগ, তাঁর বাড়িতেই দীর্ঘদিন ধরে বোমা মজুদ করে রাখা ছিল। সেই বোমা অন্যত্র সরানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার পর রাতেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং ঘিরে ফেলা হয় গোটা এলাকা। তল্লাশি চালিয়ে আরও কোনও বিস্ফোরক মজুদ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই বাড়ির মালিক ডালু শেখ এবং মিশন শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরকের উৎস ও এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এলাকায় কীভাবে এত পরিমাণ বোমা মজুদ করা হয়েছিল এবং তার পিছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন গতি 














