বালুরঘাট: একদিনের সফরে বুধবার বালুরঘাটে এসে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরে প্রস্তাবিত বালুরঘাট বিমানবন্দরের জমি পরিদর্শনের পাশাপাশি মেডিক্যাল কলেজ তৈরির জন্যও প্রস্তাবিত জমি ঘুরে দেখেন তিনি। দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে আহার সারেন মুখ্যমন্ত্রী।
বিমানবন্দর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, এক বছরের মধ্যে বালুরঘাট বিমানবন্দর চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১৯ আসনবিশিষ্ট ছোট বিমান চলাচল করবে। পরবর্তীতে ৭২ আসনের বিমান পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।
জেলার দ্বিতীয় বড় উপহার হিসেবে বালুরঘাটে মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা করেন তিনি। ৩৪৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গড়ে উঠবে। এর মধ্যে শীঘ্রই ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানান শুভেন্দু। কালীপুজোর আগেই প্রকল্পের ভূমিপুজো করার কথাও জানান তিনি।
এছাড়া বালুরঘাটের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনটি বিষয় পড়ানো হলেও জন্মাষ্টমীর আগেই আরও সাতটি বিষয়ে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১০ অক্টোবরের মধ্যে শহরের সমস্ত রাস্তা মেরামত, নতুন ফায়ার স্টেশন এবং নার্সিং স্কুলে নার্সিং কলেজ তৈরির কথাও জানান তিনি।
শুভেন্দু অধিকারীর দাবি, ২০১৯ সাল থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিজেপিকে ভোট দেওয়ায় আগের সরকার দুই জেলাকে বঞ্চিত করেছে। ক্ষমতায় আসার চার মাসের মধ্যেই দক্ষিণ দিনাজপুরকে তিনটি বড় উপহার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
নতুন গতি 






















