স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের রাজপুত্র, আলবিসেলেস্তেদের হৃদস্পন্দন লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন। আর্জেন্টিনা জাতীয় দলের নীল-সাদা ১০ নম্বর জার্সি গায়ে আর কখনো উইং ধরে প্রতিপক্ষের রক্ষণ চিরে কিংবা দূরপাল্লার জাদুকরী শটে সমর্থকদের উন্মাদনায় ভাসাতে দেখা যাবে না এই জাদুকরকে। সোমবার এক আবেগঘন বার্তায় ও বিদায়ী ভিডিও প্রকাশ করে নিজের দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
অবসরের পর মেসি জানান, স্পেনের বিপক্ষে ফাইনাল হারার ঠিক দু’দিন পর, গত ২১ জুলাইতেই তিনি বিদায়ের সিদ্ধান্তটি লিখে রেখেছিলেন। সম্প্রতি তাঁর প্রিয় বাবার আকস্মিক প্রয়াণের পর এই কঠিন সিদ্ধান্ত নিতে তিনি আরও দৃঢ়প্রতিজ্ঞ হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় মেসি তাঁর হৃদয়ের রক্তক্ষরণ আর ভালোবাসার কথা প্রকাশ করেন এভাবে –
‘ফাইনালের পর এতদিন ধরে অনেক ভেবেচিন্তে আমি জানাচ্ছি যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটি নিতে গিয়ে আমার হৃদয় ফেটে যাচ্ছিল, এখনও ভীষণ কষ্ট হচ্ছে। তবে আমি বুঝতে পারছি এটাই থেমে যাওয়ার সঠিক সময়।’
তিনি বলেছেন, ‘ঈশ্বর সাক্ষী, আমি সব সময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। শুধু শেষ কয়েক বছরে যখন আমরা সবকিছু জিতলাম তখন নয়—তার আগেও কঠিন সময়ে সব সময় লড়াই করেছি। এই জার্সির জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে গর্বিত করার জন্য নিজের সবটুকু দিয়েছি।’
সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন,’গত ২০ বছরের ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’
পরিবার, সতীর্থ, কোচ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি লেখেন, ‘আমাকে আর্জেন্টাইন বানিয়ে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আপনাদের সাথে কাটানো এই রূপকথার মতো সময়গুলোর জন্য গর্বিত। ‘ভামোস আর্জেন্টিনা’!”
নতুন গতি 

























