দেবজিৎ মুখার্জী, কলকাতা: মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রশাসনে বড় পরিবর্তন। ক্লাবের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন নওদা ও রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। দীর্ঘদিন সভাপতি পদে থাকা আমিরুদ্দিন ববি (এমএমআইসি) পদত্যাগ করার পরই এই পরিবর্তনের পথ প্রশস্ত হয়। ক্লাবের পক্ষ থেকে নতুন সভাপতির নাম ঘোষণা করা হলে সমর্থক ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় হুমায়ুন কবীর জানান, মহামেডান স্পোর্টিং ক্লাবকে আরও শক্তিশালী ও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই ক্লাব শুধুমাত্র কলকাতার নয়, সমগ্র দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে এক আবেগের নাম। সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলতে তিনি কাজ করবেন।
হুমায়ুন কবীর আরও জানান, ক্লাবের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা চাইবেন। ক্লাবের পরিকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন ক্রীড়া বিভাগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

এদিকে নতুন সরকারের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, কলকাতার ময়দানে কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপকে উৎসাহ দেওয়া হবে না। খেলাধুলার পরিবেশকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, ক্রীড়াক্ষেত্রকে ক্রীড়ার স্বার্থেই ব্যবহার করা উচিত। ক্লাবের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়াই হওয়া উচিত মূল লক্ষ্য।
মহামেডান স্পোর্টিং ক্লাব দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিষ্ঠান। ভারতীয় ফুটবলের ইতিহাসে ক্লাবটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ক্লাবের সাফল্য এবং সমর্থকদের আবেগ নতুন করে আলোচনায় এসেছে। এই পরিস্থিতিতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়ামহলের একাংশ।
ক্লাবের সদস্যদের আশা, নতুন নেতৃত্বের হাত ধরে মহামেডান স্পোর্টিং আরও সাফল্যের পথে এগিয়ে যাবে এবং জাতীয় স্তরে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। এখন সকলের নজর থাকবে নতুন সভাপতির আগামী দিনের পরিকল্পনা ও পদক্ষেপের দিকে।
নতুন গতি 



























