নতুন গতি, বোলপুর: ঘুটঘুটে অন্ধকার। জনমানবহীন পরিত্যক্ত ইটভাটার নিস্তব্ধতা চিরে আচমকাই গর্জে উঠল আগ্নেয়াস্ত্র! আর কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ। বীরভূমের নানুরের উচকরণ পঞ্চায়েত এলাকার সেই নির্জন ইটভাটায় ঠিক কী ঘটেছিল রবিবার রাতে? পুলিশের খাতায় এটি স্রেফ একটি ‘আত্মরক্ষামূলক পাল্টা গুলি’র ঘটনা। কিন্তু জেলা পুলিশ সুপারের দেওয়া বয়ানের পরতে পরতে লুকিয়ে থাকা অসঙ্গতিগুলো যেন এক অন্য, গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে। কড়া পুলিশি ঘেরাটোপে থাকা একজন বন্দির নাগালে কীভাবে পৌঁছে গেল লোডেড বন্দুক? অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে পুলিশ কি সত্যিই অপ্রস্তুত ছিল, নাকি আগে থেকেই লেখা হয়ে গিয়েছিল রতন শেখের মৃত্যু-চিত্রনাট্য? এই প্রশ্নগুলোই এখন তাড়া করে বেড়াচ্ছে বীরভূম তথা গোটা রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলকে।
সোমবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ যে বিবরণ দিয়েছেন, তা কোনও থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানায়। পুলিশের দাবি অনুযায়ী, বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ জেরায় স্বীকার করেছিল যে, নানুরের ওই পরিত্যক্ত ইটভাটায় সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। সেই অস্ত্র উদ্ধারের জন্যই রবিবার রাতে তাকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। এসপির বয়ান অনুযায়ী, ইটভাটায় পৌঁছে রতন প্রথমে অস্ত্র খোঁজার ভান করে এদিক-ওদিক ঘোরাফেরা করছিল। ঠিক তখনই ঘটে সেই নাটকীয় মোড়। আচমকাই মাটিতে বসে পড়ে পাশের একটি ঝোপের আড়াল থেকে আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। গুলিটি সরাসরি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। বিপদ বুঝে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। রতন ফের গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ দ্বিতীয়বার ট্রিগার টিপে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কিন্তু পুলিশের এই ‘রুদ্ধশ্বাস’ বিবরণ সামনে আসতেই দানা বেঁধেছে একাধিক তীক্ষ্ণ প্রশ্ন। প্রথমত, রতন শেখ কোনও সাধারণ চোর-ছ্যাঁচড় ছিল না। পুলিশের খাতায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং অস্ত্র আইনে অন্তত ৩৬টি গুরুতর মামলা ঝুলছে। সিউড়ি, বোলপুর ও বর্ধমানের একাধিক জেলে দীর্ঘ সময় কাটানো এই দাগি আসামি যে অত্যন্ত বিপজ্জনক, তা পুলিশের অজানা ছিল না। এমনকি, গত ১৩ নভেম্বর বোলপুর সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই সে সঙ্গীদের নিয়ে অপরাধের ছক কষছিল এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে জখম করে পালিয়েছিল বলেও পুলিশেরই দাবি। প্রশ্ন উঠছে, যে অপরাধী দিনকয়েক আগেই পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়েছে, তাকে যখন রাতের অন্ধকারে অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার হাত বাঁধা ছিল না কেন? কেনই বা তাকে ঝোপের কাছে গিয়ে অবাধে ঘোরাফেরা করার এবং মাটিতে বসে পড়ে বন্দুক বের করার মতো সুযোগ দেওয়া হল?
রহস্য আরও ঘনীভূত হচ্ছে অভিযানের প্রযুক্তিগত দিকটি সামনে আসায়। পুলিশ সুপার নিজেই জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি চলছিল এবং ঠিক সেই সময়েই রতন গুলি চালায়। ওয়াকিবহাল মহলের মতে, যদি গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েই থাকে, তবে সেই ফুটেজ প্রকাশ্যে আনলেই তো সমস্ত জল্পনার অবসান ঘটে। ঝোপের আড়াল থেকে রতনের বন্দুক বের করা, পুলিশের গাড়িতে গুলি লাগা এবং পুলিশের পাল্টা গুলি চালানো—সবটাই তো সেই ভিডিওতে থাকার কথা! কিন্তু সেই ফুটেজ নিয়ে এখনও কোনও স্পষ্ট অবস্থান নেয়নি জেলা পুলিশ।
এদিকে, রতনের সূত্র ধরেই পুলিশ বোলপুর থেকে রমেশ লোহার এবং লাভপুর থেকে নূর হোসেন শেখ নামে আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, ১৩ নভেম্বরের গুলি চালানোর ঘটনায় রতনের সঙ্গে রমেশও যুক্ত ছিল। কিন্তু মূল অভিযুক্ত রতন শেখের মৃত্যুর পর এই মামলার তদন্ত কতটা এগোবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে, নানুরের এই ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। পরিসংখ্যান বলছে, রতন শেখের মৃত্যুকে ধরে গত ছয় মাসে রাজ্যে পুলিশি এনকাউন্টারের সংখ্যা পাঁচে পৌঁছে গেল। একের পর এক অভিযুক্তের পুলিশি হেফাজতে থাকাকালীন ‘অস্ত্র উদ্ধারে গিয়ে পালানোর চেষ্টা’ বা ‘পাল্টা গুলিতে মৃত্যু’র ঘটনা একই ছকে বাঁধা বলে মনে করছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীদের একাংশ।
বিতর্কের আঁচ বাড়ছে বুঝেই অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন জেলা পুলিশ সুপার। তিনি আশ্বাস দিয়েছেন, এই ঘটনার স্বাধীন ও বিচারবিভাগীয় তদন্ত হবে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি এবং ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রতিটি ধাপ খতিয়ে দেখা হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—ফরেনসিক রিপোর্ট এবং বিচারবিভাগীয় তদন্তের পর্দা উঠলে কি সত্যিই প্রমাণিত হবে যে রতন ঝোপ থেকে বন্দুক বের করে গুলি চালিয়েছিল? নাকি নানুরের ওই পরিত্যক্ত ইটভাটার অন্ধকারে চাপা পড়ে থাকবে অন্য কোনও অজানা সত্য? উত্তর খুঁজছে বীরভূম।
নতুন গতি 
















