নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: তিনদিনের সফরে ফিলিপিন্সে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি যোগ দেবেন ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন ও ২১তম পূর্ব এশিয়া সম্মেলনে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি করাই এই সফরের মূল লক্ষ্য—ফিলিপিন্সে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।
সোমবার ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের আমন্ত্রণে তিনি আসিয়ান সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আরও বললেন, ভারতের বিদেশনীতিতে আসিয়ান দেশগুলির সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে এই এশিয়ান দেশগুলি। শত শত বছরের অসামরিক বিনিময়ের মাধ্যমে গড়ে ওঠা এই সম্পর্ক এখন বাণিজ্য, যোগাযোগ, সমুদ্র নিরাপত্তা, প্রযুক্তি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে ঘিরে এক গতিশীল অংশীদারিত্বে পরিণত হয়েছে।
এবারের আশিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক বৃদ্ধি, সংযোগ এবং সমৃদ্ধির জন্য কাজ করার কথা বলবেন। এরপর পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়া সম্ভাবনা। সেই সঙ্গে এই সম্মেলন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ করে দেবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
ফিলিপিন্সে আসিয়ান শীর্ষ সম্মেলন ও পূর্ব এশিয়া সম্মেলন দুটি অনুষ্ঠিত হচ্ছে ‘নেভিগেটিং দ্য ফিউচার’ থিমে। এখানে এবার আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক বিবাদ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েই মূলত আলোচনা হবে। ভারতও এশিয়ান দেশগুলির সঙ্গে আরও শক্তিশালী সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা এবং গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার দিকে নজর দেবে। আসিয়ান-ভারত পণ্য বাণিজ্য চুক্তির চলমান পর্যালোচনাও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রধানমন্ত্রী ফিলিপিন্সে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মত বিনিময় করবেন। এছাড়া ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের দেওয়া নৈশভোজে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং ম্যানিলায় কোয়াড নেতাদের একটি বহুপাক্ষিক বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা।
অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনস, সংক্ষেপে আসিয়ান এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ব্লকগুলোর একটি। ওয়াশিংটন, বেজিং, টোকিও এবং ক্যানবেরার মতো বড় বৈশ্বিক শক্তিগুলোর পাশাপাশি নয়াদিল্লিও এর সরকারি ডায়ালগ পার্টনার হিসেবে যুক্ত। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, ২৩তম আসিয়ান-ভারত সামিট এবং আসিয়ান-নেতৃত্বাধীন পূর্ব এশিয়া সামিটের ২১তম বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদি ম্যানিলা সফর করবেন। ১৬ থেকে ১৮ নভেম্বর এই সফর হবে। সেইমতো সোমবার ম্যানিলার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল সদস্য দেশগুলোর পাশাপাশি, এই বৃহত্তর আঞ্চলিক আলোচনা কাঠামোতে নয়াদিল্লি, বেজিং, টোকিও, সিওল, ক্যানবেরা, ওয়েলিংটন, ওয়াশিংটন এবং মস্কো অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, ট্যান্ডন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ভারতীয় সম্প্রদায়ের দিক থেকেও জোরালো দাবি রয়েছে। তাই আমরা তাঁর সূচিতে এই বিষয়টিও যুক্ত করারও চেষ্টা করছি। আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে এই প্রবীণ কূটনীতিক মন্তব্য করেন, দ্রুত ভূ-রাজনৈতিক পরিবর্তনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে ভারত-আসিয়ানের ঘনিষ্ঠ সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। প্রতিরক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার হওয়ায় সম্প্রতি নয়াদিল্লি এবং এই আঞ্চলিক জোটের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট গতি পেয়েছে।
নতুন গতি 
















