নতুন গতি, অসিম আক্রাম, ফরাক্কা: গঙ্গার জলস্তর বাড়তে থাকায় এবার জলমগ্ন ফরাক্কার বেওয়া-১ অঞ্চলের ডিয়ার ফরেস্ট। একাধিক পরিবার জলবন্দি হয়ে পড়ায় বাড়ছে দুর্ভোগ। শনিবার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নৌকায় করে এলাকায় পৌঁছলেন ফরাক্কার বিধায়ক মোতাব সেখ।
নিজেই নৌকায় জল পেরিয়ে ডিয়ার ফরেস্টে পৌঁছে জলবন্দি পরিবারগুলির সঙ্গে কথা বলেন বিধায়ক। তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি ত্রিপল, চিঁড়া, বিস্কুট, পাওরুটি, চিনি, মুড়ি-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি।
গঙ্গার জল বাড়ায় বসতবাড়ি জলমগ্ন হওয়ার পাশাপাশি ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে ডিয়ার ফরেস্ট থেকে বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পথ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় অসুস্থ ও জরুরি চিকিৎসাপ্রার্থী মানুষ সমস্যায় পড়েছেন। জল আরও বাড়লে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।
দুর্গতদের সঙ্গে কথা বলার সময় দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার জন্য আগের সরকার ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মোতাব সেখ। তবে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে দুর্যোগের সময় মানুষের পাশে থাকাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি। পরিস্থিতি অনুযায়ী আগামী দিনেও ত্রাণ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বিধায়ক।
নতুন গতি 




















