মালদা: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ইংলিশবাজার পৌরসভায় বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভা চত্বরে ভিড় জমতে শুরু করে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পরিষেবা না মেলায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাঁদের অধিকাংশ পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। কারও স্বামী সবজি বিক্রি করেন, কেউ আবার ফুটপাতে ছোট দোকান চালিয়ে সংসার চালান। অনেকেরই বাড়ি টালির। অথচ অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না।
মহিলাদের অভিযোগ, টাকা না পাওয়ার কারণ জানতে পৌরসভায় এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকের ক্ষেত্রে পরিবারের বাড়িতে তিনটি ঘর থাকার কারণ দেখিয়ে সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ। তাঁদের প্রশ্ন, পরিবারের সদস্য সংখ্যা ৮-১০ জন হলে কয়েকটি ঘর থাকা কি আর্থিক স্বচ্ছলতার প্রমাণ?
এই অভিযোগেই এদিন ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। দীর্ঘক্ষণ বিক্ষোভে পৌরসভা চত্বরে উত্তেজনা ছড়ায়। প্রকৃত আর্থিক পরিস্থিতি যাচাই করে যোগ্য প্রত্যেক পরিবারকে দ্রুত অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার দাবি জানান তাঁরা।
নতুন গতি 






















