নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর: ভোটাধিকার রক্ষার দাবিতে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের নাককাটি থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকাল থেকেই মোহনা, ডাঙ্গারহাট, রামকৃষ্ণপুর, তুলট, দেবীপুর, জাকিরপুর, দিওড়-সহ কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে মানুষ কর্মসূচিতে যোগ দেন। নাককাটি থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কুমারগঞ্জ বিডিও অফিসে পৌঁছায়। সেখানে সংগঠনের পক্ষ থেকে বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ রয়েছে। এর ফলে তাঁরা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ডেপুটেশনে দুটি প্রধান দাবি জানানো হয়। প্রথমত, ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। দ্বিতীয়ত, সমস্ত যোগ্য নাগরিকের নাম অবিলম্বে ভোটার তালিকাভুক্ত করতে হবে এবং বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে।
সমিতির সদস্যদের বক্তব্য, গ্রামীণ এলাকার বহু কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের নাম ভোটার তালিকায় না থাকায় উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন গতি 


















