আনজুম মুনির, কোচবিহার: পেট্রোল-ডিজেল এবং বাণিজ্যিক গ্যাসের ব্যাপক পরিমাণে মূল্যবৃদ্ধি, পুনর্বাসন না দিয়েই হকার এবং বস্তি উচ্ছেদ করা , দিল্লি এবং রাজস্থানে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি এবং ডিলিট ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় তোলা এবং রাজ্যজুড়ে মদ নিষিদ্ধ করার দাবিতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করল এসইউসিআই (কমিউনিস্ট) দল।
শুক্রবার সংগঠনের পক্ষ থেকে দলীয় অফিস থেকে শুরু হয়ে এই প্রতিবাদ মিছিলটি মেখলিগঞ্জ বাজার পরিক্রমা করে। সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন, পরিবর্তনের সরকার গরিব শ্রমজীবী মানুষের উপর ব্যাপক আক্রমণ নামিয়ে এনেছে। একদিকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের ভয়াবহ মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে, আরেকদিকে ছোট দোকানদার এবং বস্তিবাসীদের বিকল্প কর্মসংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা না করেই অমানবিকভাবে হকার এবং বস্তি উচ্ছেদ ঘটাচ্ছে। পাশাপাশি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে, অথচ অপরাধীর শাস্তি হচ্ছে না। তাই এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধেই আজকে এই বিক্ষোভ মিছিল। সর্বস্তরের সাধারণ মানুষকে তিনি প্রতিবাদ আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের মেখলীগঞ্জ লোকাল কমিটির সদস্য মলিন সিংহ সরকার বিনোদ রায় প্রমূখ।
নতুন গতি 


























