নুর আহমেদ মেমারি। বামুনপাড়া মোড়ে লটারি চক্রের পর্দাফাঁস! ৩ লক্ষ টাকার জাল টিকিট সহ ধৃত ৩, বাজেয়াপ্ত মোবাইল, ল্যাপটপ-নগদ অর্থ। লটারির টিকিট কেটে রাতারাতি ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন? তাহলে সাবধান! আপনার কাটা টিকিটটি আসল তো? মেমারিতে ফাঁস হলো এক বিরাট জাল লটারি চক্রের হদিশ। পুলিশের তৎপরতায় উদ্ধার হলো লক্ষাধিক টাকার জাল লটারির টিকিট। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ বামুনপাড়া মোড় এলাকায় এক ঝটিকা অভিযান চালায়। আর তাতেই হাতেনাতে ধরা পড়ে তিন প্রতারক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা!
শুধু টিকিটই নয়, এই প্রতারণা চক্র চালাতে ব্যবহৃত একাধিক গ্যাজেটও উদ্ধার করেছে পুলিশ। তল্লাশিতে মিলেছে নগদ ১৩,৫০০ টাকা, ৪টি দামি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ এবং ১টি কম্পিউটার। পুলিশের অনুমান, এই আধুনিক ডিভাইসগুলোর সাহায্যেই টিকিট জাল করার কাজ চলত। ধৃতদের নাম সুজয় মিত্র ও সন্তু দাস, দুজনের বাড়ি রসুলপুরের বিষ্ণুপুর এলাকায় এবং অপর এক অভিযুক্তের নাম নীতিশ তেওয়ারী মেমারীর সোমেশ্বর তলা এলাকায় বলে জানা যায় পুলিশ সূত্রেধৃত তিন অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মেমারি থানার পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িয়ে রয়েছে এবং এই জাল লটারির জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। লটারির নামে এই বিপুল অঙ্কের জালিয়াতি মেমারি জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
নতুন গতি 

















