সফিকুল আলম,নতুন গতি,চাঁচল: খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে নজরদারি বাড়াতে চাঁচল শহরের একাধিক হোটেল, রেস্তরাঁ ও মিষ্টির দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। শনিবারের এই অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাদ্য সংরক্ষণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। একটি হোটেলের বিভিন্ন জায়গায় আরশোলার উপস্থিতিও আধিকারিকদের নজরে আসে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। এরপর কয়েকটি হোটেলে খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি নোটিশ জারি করা হয়।
এদিন প্রথমে চাঁচলের নেতাজি মোড় এলাকার একটি হোটেলে অভিযান চালানো হয়। রান্নাঘর ও হোটেলের বিভিন্ন অংশ পরিদর্শনের সময় অপরিচ্ছন্ন পরিবেশ নজরে আসে বলে অভিযোগ। পাশাপাশি, কয়েকটি জায়গায় আরশোলার উপস্থিতি দেখতে পান আধিকারিকরা। বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে, সেখানে থাকা খাবার বিক্রি না করার নির্দেশ দেওয়া হয় এবং নোটিশ জারি করা হয়েছে।
এরপর চাঁচল শহরের আরও কয়েকটি হোটেল এবং হাসপাতাল রোডের দুটি হোটেলে অভিযান চালানো হয়। খাবার তৈরির পরিবেশ, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকরা। কয়েকটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।
এদিন শহরের একাধিক রেস্তরাঁ ও মিষ্টির দোকানেও অভিযান চালানো হয়। কোথায় কীভাবে খাবার তৈরি হচ্ছে, খাদ্যদ্রব্য কীভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং খাবার পরিবেশনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হচ্ছে কি না—সেই সমস্ত বিষয় পরীক্ষা করা হয়।
অভিযানে ছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সারিফুল ইসলাম, ইন্দোনিভো দত্ত-সহ অন্যান্য আধিকারিকরা। দপ্তর সূত্রে খবর, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে আগামী দিনেও চাঁচল মহকুমার বিভিন্ন খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিদর্শন ও নজরদারি চালানো হবে।
নতুন গতি 





























