দেবজিৎ মুখার্জি, কলকাতা: “কাউকে রেয়াত নয়” কালীঘাট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন ঘিরে অশান্তির ঘটনায় পুলিশকে চড় মারা প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই জাতীয় ঘটনায় সকল অপরাধীদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। শুধু তাই নয়, ঘটনা প্রসঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে চার্জশিট ও কাস্টডি ট্রায়াল হবে এবং কাউকে ছাড়া হবে না।
সোমবার দীঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কারও নামে অভিযোগ করব না। হিরো করতে চাই না। পুলিশকে চড় মারলে কিংবা উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে কিংবা হুমকি দিলে যে ধারায় মামলায় হওয়া উচিৎ, সেই ধারাতে সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ।” তিনি আরও বলেছেন, ”পুলিশ আহত হয়েছে। শারীরিক পরীক্ষাও করা হয়েছে। সরকারি কাজে বাধাদানের ভিডিয়ো দেখে দেখে যাঁদের নামে মামলা করার ছিল তা করেছে। ঘটনায় চার্জশিট হবে, কাস্টডি ট্রায়ালও হবে। কাউকে ছাড়া হবে না।”
ঘটনার নেপথ্যে হরিশ চ্যাটার্জি না হরিশ মুখার্জী রোডের কেউ ছিল কিনা, তা নিয়েও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “যে কটা গুন্ডা ধরা পড়েছে, তাঁরা কেউ হরিশ চ্যাটার্জি কিংবা হরিশ মুখার্জি রোডের লোক নয়। তাঁরা একবালপুরের লোক। রাত দুটোর সময়ে একবালপুর থেকে বিশেষ লোকেরা সেখানে কী করতে গেছিল? পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাও এদিন জানান মুখ্যমন্ত্রী।” প্রসঙ্গত, এই পর্যন্ত ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, যাঁরা মমতা তৃণমূলের নেতা বলে দাবি। গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে পুলিশকে চড় মারার ঘটনায় দুটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে একটিতে নাম রয়েছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
নতুন গতি 










