দেবজিৎ মুখার্জি, কলকাতা: জেলেই দীপাবলি কাটবে কালীঘাট তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। জামিনের আবেদন করা হলেও তাতে সাড়া দিল না আদালত। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চের তরফ থেকে জানানো হয় যে পুজোর ছুটির পর কোর্ট খুললে শুনানি হবে মামলার।
রাজ্যে পালাবদলের পর থেকে গ্রেফতার হয়ে চলেছেন একের পর এক তৃণমূল নেতা। গ্রেফতার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ও। শালবনিতে জমি দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয় তাঁকে। তা চ্যালেঞ্জ করে ও জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার সুমিত রায়ের হয়ে সওয়াল করেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কোর্টে তাঁর বক্তব্য, “শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় ৫ বছরের পুরনো মামলায় আমার মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে বলেন, “এই মামলার তদন্ত বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্তকারীদের হাতে অনেক তথ্য আছে। অভিযুক্ত জামিন পেয়ে গেলে তদন্তপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে।” দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মুখোপাধ্যায় কোনও মন্তব্য না করে জানান, “পুজোর ছুটির পর আদালত খুললে নিয়মিত বেঞ্চে শুনানি হবে মামলার।”
নতুন গতি 










